স্ফুলিঙ্গ রিপোর্ট :
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে যশোর পৌরসভার শংকরপুর এলাকা থেকে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে এলিট ফোর্স এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে যশোর কোতোয়ালী মডেল থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর বালির মাঠ এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
এসআরবি সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে নিয়মিত টহল, বিশেষ চেকপোস্ট ও অভিযানের অংশ হিসেবে মধ্যরাতে এসআরবির আভিযানিক দলটি শংকরপুর এলাকায় অবস্থান করছিল। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বালির মাঠে অবস্থানরত কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি তড়িঘড়ি করে আঁধারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে উক্ত স্থানে নিবিড় তল্লাশি চালিয়ে ককটেল সদৃশ ৮টি তাজা বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত ককটেলগুলো উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়। এ ঘটনায় জড়িত অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে যশোর কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানের বিষয়ে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মো. নাঈম উল হক (বিসিজিএম) জানান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের দমনে এসআরবি সর্বদা প্রস্তুত রয়েছে। শারদীয় দুর্গাপূজা উৎসব যেন অত্যন্ত নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য জেলাজুড়ে বিশেষ টহল, তল্লাশি ও অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি। ছবি সংগৃহীত।
