মাগুরা প্রতিনিধি:
মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পারনান্দুয়ালী গ্রামের সন্তান সাকের হোসেন হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মাগুরা পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের গ্রামবাসী, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মাগুরা পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করেন।
সমাবেশে বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন ও কুতুবউদ্দিন, মাগুরা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সহসভাপতি আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিম এবং জেলা মহিলা দলের সভানেত্রী স্মৃতিসহ অন্যরা।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, গত বুধবার ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার রয়েল এক্সপ্রেস কাউন্টারে দুর্বৃত্তদের গুলিতে সাকের হোসেন নিহত হন। এ ঘটনার চার দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে তাঁরা অভিযোগ করেন। পুলিশ সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করলেও হত্যার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, সাকের হোসেন পৌর যুবদলের একজন সক্রিয় ও বলিষ্ঠ নেতা ছিলেন। রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে মাগুরা অচল করে দেওয়ার মতো কর্মসূচিও দেওয়া হতে পারে বলে তাঁরা বক্তব্যে উল্লেখ করেন।
মানববন্ধন ও সমাবেশ থেকে সাকের হোসেন হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। ছবি প্রতিবেদক।

