স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলায় ডেঙ্গু রোগের সংক্রমণ অব্যাহত থাকলেও হাম পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে সিভিল সার্জন কার্যালয়ের এক হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে। রবিবার (১১ অক্টোবর ২০২৬) প্রকাশিত সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য বুলেটিন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, একই সময়ে জেলায় নতুন কোনো হাম রোগী শনাক্ত কিংবা ভর্তির খবর পাওয়া যায়নি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত যশোর জেলায় মোট ১ হাজার ৭৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৯৪ জন। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট ২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বর্তমানে যশোরের বিভিন্ন সরকারি হাসপাতালে ১২৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৩৫ জন ভর্তি রয়েছেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন।
অন্যদিকে, জেলার হাম সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে দেখা গেছে, গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি যশোর জেলায় মোট ৯৫১ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত হয়েছেন। এর মধ্যে ৭৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সরকারি পরীক্ষা-নিরীক্ষায় এখন পর্যন্ত ১৬৩ জন রোগীর দেহে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে।
বিজ্ঞাপন
স্বস্তির বিষয় হলো, জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও সন্দেহভাজন ২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সর্বোচ্চ ২২ জন ভর্তি আছেন।
যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা জানান, ডেঙ্গু ও হাম রোগীদের সুষ্ঠু চিকিৎসা সেবায় জেলার প্রতিটি সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধি এবং প্রজননস্থল ধ্বংসের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। ছবি সংগৃহীত।
