স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলাজুড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নেশাজাতীয় বিভিন্ন ব্যান্ডের সিরাপ সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে মোট ১ হাজার ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭ বোতল এসকাফ (Eskuf) সিরাপ এবং ৪ বোতল উইন সিরেপ (Win Cerex) সিরাপ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ৪টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত জেলার চৌগাছা, অভয়নগর ও কোতয়ালী মডেল থানা এলাকায় ধারাবাহিক তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় সকাল ৭টা ৪০ মিনিটে চৌগাছা থানার সুখপুকুরিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামে। সেখানে আসামি মোঃ মোবারক হোসেনের (৫২) বসতঘর তল্লাশি করে ৪ বোতল উইন সিরেপ সিরাপ জব্দ করা হয়। মোবারক ওই গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। উক্ত ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
একই দিন সকাল ৯টা ৪০ মিনিটে চৌগাছা থানার স্বরুপদাহ ইউনিয়নের চুটারহুদা গ্রামে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখানকার বাসিন্দা মোঃ আজগর আলীর ছেলে মোঃ সেলিম হোসেনের (৩৯) বসতঘরের শয়নকক্ষ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে সেলিমের বিরুদ্ধেও চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
দুপুর ১২টা ৫০ মিনিটে অভয়নগর থানার নওয়াপাড়া পৌরসভার ধোপাদী মোড় এলাকায় আসামির নিজ দখলীয় বসতঘরে তৃতীয় অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩৭ বোতল এসকাফ সিরাপ সহ মোঃ টিপু সুলতানকে (৪৭) গ্রেফতার করা হয়। তিনি চৌগাছা থানার সুখপুকুরিয়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মৃত হারুন আর রশিদ মৃধার ছেলে। এই ঘটনায় উপ-পরিদর্শক জনাব শাহরিয়ার হোসেন বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।
বিকেল সাড়ে ৫টায় কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া যশোর বাইপাস রোডস্থ চাকলাদার ফিলিং স্টেশনের সামনে শেষ অভিযানটি পরিচালিত হয়। সেখানে কুষ্টিয়া-ব-১১-০০৫৯ নম্বরযুক্ত ‘গড়াই পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মোছাঃ মাজিদা খাতুনকে (৪৩) হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি শার্শা থানার ধানতারা গ্রামের মৃত নূর আলী গাজীর মেয়ে। এ ঘটনায় পরিদর্শক জনাব নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের কর্মকর্তারা জানান, জেলায় মাদকের বিস্তার রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান জোরদারভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
