স্ফুলিঙ্গ রিপোর্ট :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে যশোরে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য সম্প্রীতি শোভাযাত্রায় সশরীরে অংশগ্রহণ করেছেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল ৫টার দিকে শহরের ঐতিহ্যবাহী লালদীঘির পাড় এলাকায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন পুলিশ সুপার। তিনি বলেন, দুর্গাপূজা কেবল একটি বিশেষ ধর্মের আলোকেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের বাংলাদেশের অন্যতম বৃহত্তম সার্বজনীন উৎসব। এই আনন্দের উৎসবে মানুষে মানুষে ধর্ম বা বর্ণগত কোনো ভেদাভেদ থাকে না। অসাম্প্রদায়িক বাংলাদেশে আবহমান কাল ধরে সার্বজনীনভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়ে আসছে। লালদীঘির পাড়ের এই সম্প্রীতি শোভাযাত্রা সেই সামাজিক ঐক্যেরই একটি দৃশ্যমান বার্তা, যেখানে সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষ একত্রিত হয়ে আনন্দের অংশীদার হয়েছেন।
বিজ্ঞাপন
উৎসবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে জেলা পুলিশ প্রধান আশ্বস্ত করে বলেন, যশোর জেলার প্রতিটি পূজামণ্ডপ ও সংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত চমৎকার ও নিয়ন্ত্রণে রয়েছে। পর্যাপ্ত পুলিশি প্রহারা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। সকলের সহযোগিতায় পরম শান্তি ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গোৎসব সুসম্পন্ন হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
লালদীঘির পাড় থেকে শুরু হওয়া এই সম্প্রীতি শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ছবি সংগৃহীত।

