স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের আশ্রম রোড এলাকায় একটি মুদি দোকানের টিনের ছাউনি কেটে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (১২ অক্টোবর ২০২৬) দিবাগত রাতের কোনো একসময়ে ‘মা টি স্টোর অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর’ নামের ওই দোকানে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, চোরের দল ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ ও বিভিন্ন পণ্য মিলিয়ে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দিয়েছে।
দোকানের মালিক আহাদ আলীর স্ত্রী পপি বেগম জানান, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তাঁরা বাড়ি চলে যান। এরপর পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ৬টার দিকে দোকান খুলে ভেতরে প্রবেশ করতেই সব মালামাল এলোমেলো দেখতে পান। এ সময় ওপরে তাকিয়ে দেখতে পান দোকানের টিনের ছাউনি বা চাল কেটে ভেতরে প্রবেশ করেছে চোরেরা।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, দোকানের ক্যাশ বাক্সে বিক্রির নগদ ৭০ হাজার টাকা, প্রায় ১৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, একটি ইলেকট্রিক চুলা, সাবান, ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন গোসলের ও খাওয়ার প্রসাধনসামগ্রী চুরি হয়েছে। সব মিলিয়ে চুরিকৃত মালামাল ও নগদ অর্থের পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও আশপাশের অন্যান্য ব্যবসায়ীদের বিষয়টি অবহিত করা হয়। এ ঘটনায় দোকান মালিকের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, এসংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো থানায় এসে পৌঁছায়নি। তবে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

