স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরে পূর্ব শত্রুতা ও পারিবারিক কলহের পৃথক দুটি সহিংস ঘটনায় নারী ও যুবকসহ চারজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন।
গতকাল সোমবার (৩ আগস্ট ২০২৬) সন্ধ্যা ও গভীর রাতে শহরের রেলগেট কলাবাগান এবং পুরাতন কসবা রায়পাড়া এলাকায় ঘটনা দুটি ঘটে। জখম হওয়া চারজনকেই তাৎক্ষণিকভাবে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে রাত সাড়ে ৭টার দিকে শহরের রেলগেট কলাবাগান এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে আয়তন নামে এক নারীর সাথে একই এলাকার বাসিন্দা মুন্নার কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মুন্না নিজ ঘর থেকে একটি ধারালো হাসুয়া দা বের করে এনে মোহিতন (৪৫) ও ফাহিম (১৭) নামের দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে চিৎকার শুনে স্বজনরা তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন কসবা কাঠালতলা এলাকায় অপর সহিংস ঘটনাটি ঘটে। সেখানে পারিবারিক কলহের জেরে মোফাজ্জেল হোসেন তাপস তাঁর নিজের ছেলে তাহসিন হোসেন অন্তিম (১৯)-কে বেধড়ক মারধর করেন। এ সময় অন্তিমকে বাবার হাত থেকে বাঁচাতে এগিয়ে এলে তাপসের সাবেক স্ত্রী রাজিয়া সুলতানাও আক্রমণের শিকার হন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তাপস ধারালো দা দিয়ে সাবেক স্ত্রী ও নিজের ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মা-ছেলেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে, ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত চারজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব পৃথক ঘটনার বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। ফাইল ছবি সংগৃহীত।
