স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দরিদ্র ও সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে প্রায় ৪০ লাখ টাকার জীবনরক্ষাকারী চিকিৎসাসামগ্রী অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জনকল্যাণমূলক সংস্থা ‘হিউম্যান আপিল ইউএসএ’ এই বৃহৎ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকালে যশোর সার্কিট হাউসের মিলনায়তনে আয়োজিত একটি প্রীতি আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধির হাতে তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সামগ্রী হস্তান্তরকালে হাসপাতালের সার্বিক সেবার মান নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত স্পষ্টভাবে উল্লেখ করেন, আন্তর্জাতিক এই সংস্থার দেওয়া চিকিৎসা সরঞ্জামগুলো যেন সুনির্দিষ্টভাবে হাসপাতালের বেডে থাকা অভাবী রোগীদের কল্যাণে ব্যবহৃত হয়। হাসপাতালে সেবা নিতে আসা কোনো সাধারণ মানুষ যেন এসব সামগ্রী পেতে বিন্দুমাত্র হেনস্তা না হন এবং পুরোপুরি বিনামূল্যে এই সুবিধা উপভোগ করতে পারেন, তা মনিটরিং করার তাগিদ দেন তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান,পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় স্থানীয় জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা এবং দাতা সংস্থার কর্মকর্তা-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, হিউম্যান আপিল ইউএসএ-র এই বিরাট অঙ্কের সহায়তা যশোর জেনারেল হাসপাতালের দৈনিক চিকিৎসা খরচের চাপ অনেকাংশে কমিয়ে আনবে এবং চিকিৎসাধীন হাজারো রোগীর জন্য বড় ধরণের স্বস্তি বয়ে আনবে। ছবি সংগৃহীত।
