বেনাপোল চেকপোস্টে জাল ভ্রমণ কর রসিদের রমরমা বাণিজ্য !

বেনাপোল চেকপোস্টে জাল ভ্রমণ কর রসিদের রমরমা বাণিজ্য !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১১ নভেম্বর ২০২৬

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের (Travel Tax) রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আত্মসাৎ করার একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পাওয়া গেছে। এই জালিয়াতির ঘটনায় আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে কাস্টমস কর্তৃপক্ষের হাতে আটক হন ৭ জন ভারতীয় পাসপোর্টধারী যাত্রী। পরবর্তীতে ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে আর কখনোই জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন—বনিক প্রান্ত, রঞ্জিত, রতন কুমার, বিশ্বজিৎ, যুবরাজ সাহা, দ্বীপা রানী ও দেব কুমার।

ভুক্তভোগী ও আটক যাত্রীদের একজন বিশ্বজিৎ জানান, বাংলাদেশ থেকে ভারত গমনের সময় দ্রুত ও ঝামেলামুক্তভাবে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বেনাপোল চেকপোস্ট এলাকার পরিবহনকর্মী মিলন হোসেন খান ও তাঁর ভাই রিপন হোসেন তাঁদের কাছ থেকে পাসপোর্টগুলো নিয়েছিলেন। পরবর্তীতে ওই দালাল চক্র ভ্রমণ কর পরিশোধের ভুয়া ও জাল রসিদ এনে যাত্রীদের হাতে ধরিয়ে দেয়। ওই জাল রসিদ নিয়ে ইমিগ্রেশন ডেস্কে কার্যক্রম সম্পন্ন করতে গেলে কাস্টমস কর্মকর্তাদের সতর্ক দৃষ্টিতে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুসন্ধানে জানা যায়, এই সংঘবদ্ধ চক্রটি নিয়মিতভাবে ভারতগামী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ জনপ্রতি ১ হাজার ২০০ টাকা নগদ আদায় করে থাকে। কিন্তু সরকারি ব্যাংকে জমা না দিয়ে স্থানীয় বিভিন্ন কম্পিউটার ও ফটোকপির দোকান থেকে অত্যন্ত সুকৌশলে জাল ভ্রমণ কর ও বন্দর করের রসিদ প্রিন্ট করে যাত্রীদের সরবরাহ করত। দীর্ঘদিন ধরে এভাবে ভুয়া রসিদ ব্যবহার করে চক্রটি সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

বেনাপোল পোর্ট থানা সূত্র জানিয়েছে, এই জালিয়াতির মূল হোতা মিলন হোসেন খানের বিরুদ্ধে পূর্বে মানবপাচারের মতো গুরুতর অপরাধের মামলাও বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, মিলন খান ও তাঁর ভাই রিপন হোসেনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভ্রমণ কর জালিয়াতির মাধ্যমে সরকারের রাজস্ব আত্মসাৎ করে আসছে বলে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ভ্রমণ কর জালিয়াতির অপরাধে ভারতীয় নাগরিকদের আটক করা হলেও মূল হোতা দালালদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের অপরাধ প্রবণতা পুরোপুরি থামানো যাচ্ছে না। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের মামলা যশোরের সাবেক দুই ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের বিভিন্ন মেয়াদে কারা...

বাঘারপাড়ায় আদালতের পরোয়ানা সত্ত্বেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ, হুমকিতে বাড়ি ছাড়া বাদীর পরিব...

যশোরে ফাস্টফুড দোকানিকে গলা কেটে হত্যার চেষ্টা : অভিযুক্তের কোতোয়ালি থানায় আত্মসমর্পণ

বেনাপোল বন্দর থেকে শুল্ক ফাঁকি দেয়া প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল মুন্সীগঞ্জে জব্দ

মুনসেফপুরের বিএনপি নেতা তালেব হত্যা মামলা : আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিলেন আসামি শফিয়ার

ইতালিতে পাঠানোর প্রলোভনে লিবিয়ায় নিয়ে ঝিকরগাছার দুই যুবককে জিম্মি ও নির্যাতন

যশোরের মহিলা লীগ নেত্রী মহুয়া আটক

যশোর আদালত চত্বরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

১৯৭০ পিস ইয়াবা ও চোরাচালানি পণ্যসহ এক ব্যক্তিকে আটক করল ৪৯ বিজিবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *