বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়ায় পরিবারের সদস্যদের ওপর রাগ করে ঘর ছাড়া ১৩ বছর বয়সী কিশোর নাহিদকে অবশেষে খুঁজে পেয়েছে তার পরিবার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে কলাপাড়া লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে আগত একটি লঞ্চ থেকে তার আপন বড় চাচা হাচন মল্লিক তাকে উদ্ধার করেন।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে পরিবারের সঙ্গে মনোমালিন্য ও বাবার বকাঝকার কারণে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় নাহিদ।
বিজ্ঞাপন
নাহিদ জানায়, সে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। মাদ্রাসার একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে তার বাবা বকাঝকা করলে সে রাগে সরাসরি কলাপাড়া থেকে ঢাকাগামী লঞ্চে উঠে পড়ে। যাত্রাপথে বালিয়াতলী থেকে ওঠা সমবয়সী আরেক পালিয়ে আসা ছেলের সঙ্গে তার পরিচয় হয়। দুজন একসঙ্গে সময় কাটায় এবং ওই ছেলের কেনা রুটি-কলা খেয়ে রাত পার করে। সদরঘাটে নেমে কিছু সময় ঘোরাঘুরির পর তারা পুনরায় একই লঞ্চে করে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হয়।
এই ৪৮ ঘণ্টা সময় ধরে নাহিদের পরিবারে গভীর উদ্বেগ ও শোকের আবহ বিরাজ করছিল। নিখোঁজ সংবাদ প্রকাশ এবং পুরো উপজেলায় মাইকিং করার পাশাপাশি স্বজনরা হন্যে হয়ে তাকে খুঁজতে থাকেন। শেষ পর্যন্ত নাহিদ নিজেই কলাপাড়ায় ফিরে এলে স্বস্তি ও আনন্দের জোয়ার বয়ে যায় পরিবারের মাঝে।
নাহিদকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে তার চাচা হাচন মল্লিক মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সন্ধান কার্যক্রমে সহায়তাকারী গণমাধ্যমকর্মী ও প্রতিবেশীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।


