স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলার অভয়নগরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি।
আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, অভয়নগরের প্রতিটি পূজামণ্ডপে যেন হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা শেষ করতে পারেন, সে জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে। মন্দির ও পূজা উদযাপন কমিটিকে যেকোনো সহযোগিতায় বিএনপির কর্মীরা পাশে থাকবে।
বিজ্ঞাপন
তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে কেউ যদি কোনো ধরনের অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করে, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ও সামাজিক ব্যবস্থা নেওয়া হবে।
অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, অভয়নগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শেখর কুমার সাহা এবং সিনিয়র সহ-সভাপতি শংকর কুমার সিংহ।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার আওতাধীন বিভিন্ন মণ্ডপ ও মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত থেকে শারদীয় উৎসব উদযাপনে ঐক্যের আশাবাদ ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

