স্ফুলিঙ্গ ডেক্স :
রাজধানীর যাত্রাবাড়ী ও স্বামীবাগ এলাকায় যৌথ ও ধারাবাহিক অভিযান চালিয়ে একই দুর্ধর্ষ মাদক ও অস্ত্র কারবারি চক্রের নিকট থেকে থানা থেকে লুট হওয়া ৪টি অস্ত্রসহ মোট ৯টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সর্বশেষ অভিযানে স্বামীবাগের একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২টি তাজা গুলি। এ সময় চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আজ ২৪ আগস্ট সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
বিজ্ঞাপন
ব্রিফিংয়ে জানানো হয়, চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কার ঢাকার দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ২৩ আগস্ট রোববার রাতে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। পরে সন্দেহভাজন গাড়িটি থামিয়ে তল্লাশি করে ৫ জনকে আটক করা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মাদক পাওয়া না গেলেও আটককৃতদের নিবিড় জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হলে তারা স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি গোপন আস্তানার সন্ধান দেয়। পরবর্তীতে পুলিশের টিম স্বামীবাগের ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে লুকানো অবস্থায় ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২টি তাজা গুলি উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন সজীব (২৮), হিমু (৩২), তুষার (২৫), জয় (২৫), টুটুল (৩৩) ও ইমরান (৩৪)। এদের মধ্যে গ্রেফতারকৃত সজীব হচ্ছেন রাজধানীর ওয়ারী অঞ্চলের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদক সাম্রাজ্যের মাস্টারমাইন্ড সজল ওরফে ‘অটো সজল’-এর আপন ছোট ভাই। ইতিপূর্বে সজল গ্রেফতার হওয়ার পর এই অপরাধ সিন্ডিকেটের হাল ধরেছিলেন সজীব।
উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ ওয়ারী এলাকায় অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি চালানোর ঘটনা ঘটে। পরবর্তীতে গত ১৮ জুন সায়েদাবাদ থেকে মুল হোতা সজলকে গ্রেফতারের পর স্বামীবাগের ভাড়া বাসা থেকে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড গুলি ও হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে, এই পুরো সিন্ডিকেটের কাছ থেকে ধাপে ধাপে উদ্ধার হওয়া ৯টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪টি বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে নতুন মামলা দায়েরসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ছবি সংগৃহীত।


