ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা শহরের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত এইচ এস এস সড়ক ও শেরে বাংলা সড়ক এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখা ও ভোক্তা-অধিকার সুরক্ষায় বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের প্রত্যক্ষ পরিচালনায় এই বাজার মনিটরিং কার্যক্রম সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
তদারকি দল সূত্রে জানা যায়, অভিযানে এইচ এস এস সড়ক ও শেরে বাংলা সড়ক সংলগ্ন এলাকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ফাস্টফুডের দোকান এবং এলপিজি সিলিন্ডার গ্যাসের পাইকারি বিক্রয় কেন্দ্রগুলোতে নিবিড় পরিদর্শন চালানো হয়। এ সময় দোকানে টানানো মূল্যতালিকা, পণ্যের মেয়াদ ও কেনাবেচার রসিদ পরীক্ষা করা হয়।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দৃশ্যমান ও সহজে নজরকাড়ে এমন স্থানে হালনাগাদ সঠিক মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম না নেওয়া, নিখুঁত ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নকল, ভেজাল বা মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়।
একই সাথে বাজারে অসাধু উপায়ে পণ্যের কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ মজুতদারি না করার পাশাপাশি কেনাবেচার স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি কেনাকাটায় ক্যাশ মেমো বা ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে প্রদানের বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ সদর উপজেলার স্যানিটারি ইনস্পেক্টর মো. বুলবুল আহমেদ। তাছাড়া বাজারের আইনশৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস টিম।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানিয়েছে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে শহরের প্রতিটি প্রধান বাজার ও উপজেলা পর্যায়ে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

