মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর বেগবতী নদী থেকে রমজান আলী (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ শনিবার সকালে সদর উপজেলার বিষয়খালী বাজার সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। পেশায় তিনি একজন ট্রাকের হেলপার ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চারদিন ধরে হঠাৎ নিখোঁজ হন রমজান আলী। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তাঁর কোনো খোঁজ না পেয়ে গত বৃহস্পতিবার ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
বিজ্ঞাপন
আজ শনিবার সকালে বিষয়খালী বাজারে বেগবতী নদীর কচুরিপানার মধ্যে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঝিনাইদহ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে অর্ধগলিত অবস্থায় ভাসমান মরদেহটি উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।
