স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছা উপজেলার ফুল ও সবজি উৎপাদনখ্যাত পানিসারা-গদখালী অঞ্চলের সমবায় সমিতির সাড়ে তিন শতাধিক নারী সদস্যের মাঝে ওষুধি ও গুণগত মানসম্পন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় পানিসারার ‘জারবেরা নারী সমবায় সমিতি’ প্রাঙ্গণে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)-এর বাস্তবায়নাধীন ‘জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ’ প্রকল্পের অধীনে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন যশোর জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরআরএফ-এর সিনিয়র সহকারী পরিচালক ও উক্ত প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা সমবায় কর্মকর্তা মো. নূরোল ইসলাম, প্রকল্পের সমন্বয়কারী আব্দুল মান্নান, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি এবং দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী।
আয়োজক সংস্থার কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলার মোট ৬টি নারী সমবায় সমিতির ৩৭৫ জন নিবন্ধিত নারী সদস্যের মাঝে এ চারা বিতরণ করা হয়। প্রতিটি সদস্যের হাতে ১টি উন্নত জাতের কদবেল, ১টি থাই গোল্ডেন-৮ পেয়ারা, ১টি পরিবেশবান্ধব নিম এবং ১টি থাই সফেদা গাছের চারা সহ সর্বমোট ৪টি করে চারা তুলে দেওয়া হয়। ছবি সংগৃহীত।


