স্ফুলিঙ্গ রিপোর্ট :
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সার্বিক আয়োজন এবং ঝিকরগাছা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাস্তবায়নে এই কর্মসূচি পরিচালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সম্পা পারভীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষীকা আমিনা খাতুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপির দলপতি এবং ভিডিপি সদস্যবৃন্দ।
উক্ত কর্মসূচির আওতায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে সরবরাহকৃত মোট ৬০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা উপজেলার বিভিন্ন সরকারি স্থান ও চত্বরে রোপণ করা হয়।
বিজ্ঞাপন
কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সম্পা পারভীন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নিয়মিত বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি প্রকৃতির সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া রোপণকৃত গাছগুলো যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য সংশ্লিষ্ট ভিডিপি সদস্যদের ওপর সুনির্দিষ্ট পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব অর্পণ করা হয়েছে, যাতে চারাগুলো বড় হয়ে পরিবেশ ও জনকল্যাণে দীর্ঘমেয়াদি অবদান রাখতে পারে। ছবি সংগৃহীত।
