স্ফুলিঙ্গ রিপোর্ট :
দুর্নীতির কারণে দেশের সাধারণ জনগণ সরকারের প্রকৃত সুযোগ-সুবিধা ও উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয় অডিটোরিয়ামে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক গোলাম রসুল বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই বাস্তবায়িত হয়ে থাকে। এসব প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিরা সৎ ও যোগ্য হলে দেশ ও জনগণ সর্বাধিক উপকৃত হয়। কিন্তু ক্ষেত্রবিশেষে জনপ্রতিনিধিদের একটি অংশ দুর্নীতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা ও সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী সৎ, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রার্থীদের প্রাধান্য দিয়ে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হলে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন করবেন এবং সরকারি সকল সুযোগ-সুবিধা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
আয়োজিত এ কর্মশালায় আরও বক্তব্য উপস্থাপন করেন ডা. মসলেহ উদ্দীন ফরিদ, মাগুরা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস ও মাওলানা রেজাউল করিম।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক আবুল হাশিম রেজা, নুর-ই-আলী নুর মামুন, মাওলানা আব্দুস সামাদ এবং মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাইসহ স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

