স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা ও জলাবদ্ধতা নিরসনে পৃথক আরসিসি রাস্তা এবং ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে চাঁচড়া-পালবাড়ী সড়কের মৎস্য অফিসের সামনে থেকে লতিফের বাড়ি পর্যন্ত এবং ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর বায়তুল রহিম জামে মসজিদের সামনে (পিডিপি অফিসের পূর্ব পাশে) নির্মাণকাজের ফলক উন্মোচন করেন।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ জানান, পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানি ও যাতায়াতের ভোগান্তি কমাতে ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি স্থানে মোট ২৪৫ মিটার মানসম্মত আরসিসি সড়ক এবং ৯৫ মিটার ড্রেন নির্মাণ করা হবে। মোট ৯৫ লাখ টাকা ব্যয়ে গৃহীত এ প্রকল্পটির নির্মাণকাজ আগামী নভেম্বর ২০২৬ মাসের মধ্যেই চূড়ান্তভাবে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসান, সহকারী প্রকৌশলী কামাল আহমেদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিকসহ পৌরসভার কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

