রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক আভিযানিক দল গঠন করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ এবং সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় স্থানীয় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৮ অক্টোবর ২০২৬) সকালে সাফদারপুর রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠের উত্তর পাশের এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ‘উইন সেরেক্স’ নামের কফ সিরাপ উদ্ধার করা হয়। একই দিনে ঝটিকা অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় এজাহারভুক্ত ওই দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে প্রকাশ, উদ্ধারকৃত এই কোডিনযুক্ত কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য অন্তত ১ লাখ ৬০ হাজার টাকা।
ঘটনার বিবরণীতে জানা যায়, সাফদারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কাজী আবুল বাশারের নেতৃত্বে একটি আভিযানিক দল সাফদারপুর এলাকায় মাদকবিরোধী রুটিন টহল দিচ্ছিল। সকাল সাড়ে ১১টার দিকে সাফদারপুর রেলস্টেশনের পাশের খেলার মাঠের উত্তর দিকে রেললাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা রঙের প্লাস্টিক ব্যাগ দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি খুলে ১০০ মিলিলিটারের ৪০ বোতল নিষিদ্ধ উইন সেরেক্স কফ সিরাপ পাওয়া যায়। এ ঘটনায় সাফদারপুর পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৩৫৫) করা হয়েছে এবং জব্দকৃত বোতলগুলো থানা হেফাজতে রাখা হলেও ব্যাগটির প্রকৃত মালিক বা বহনকারীকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
অন্যদিকে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারকৃত দুই যুবলীগ নেতা হলেন দোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুলহক (৪০) এবং এলাঙ্গী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল হোসেন (৩৫)। আসামি জুলহক কোটচাঁদপুর উপজেলার সুয়াদী গ্রামের মৃত আরফান মন্ডলের ছেলে এবং কামাল হোসেন শিশারকুন্ডু গ্রামের আ. হালিম মন্ডলের ছেলে।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একাধিক ধারায় দায়েরকৃত ১৬ নম্বর মামলায় (জিআর ১১৮/২৬) তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে নিজ নিজ গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
