রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে হৃদয়ঙ্গম করে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিপুল উৎসাহ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি সূচিত হয়। শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপারানী সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি বজায় রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আজিজুর রহমান, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, দলটির কর্মপরিষদ সদস্য মুয়াবিয়া হুসাইন, পৌর মেয়র পদপ্রার্থী প্রভাষক শরিফুল ইসলাম, এনসিপি নেতা হৃদয় আহমেদ, স্থানীয় ভূমি কর্মকর্তা সোহেল রানা, কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল্লাহ, জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম এবং নায়েবে আমীর মাস্টার মশিয়ার রহমান।
আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের সাধারণ জনতা অংশ নেন। বক্তারা ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর সুদূরপ্রসারী গুরুত্ব তুলে ধরে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ পুনপ্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। ছবি সংগৃহীত।

