স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সঙ্গে খাপ খাওয়ানো এবং কমিউনিটি-ভিত্তিক বনায়ন ও পুনঃবনায়ন কর্মসূচির ওপর এক বিশেষ প্রচারণা ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জের সার্বিক সহযোগিতায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উলাসী সৃজনী সংঘ’ (ইউএসএস) এই ফলপ্রসূ কর্মসূচির আয়োজন করে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) কর্মসূচির প্রারম্ভে “একটি গাছ একটি প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা প্রশাসনিক চত্বরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন যশোর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহরিয়ার হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিয়া সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল হাজরা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ ফারুক হোসেন।
উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি নিষ্কৃতি বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। কর্মসূচির বিস্তারিত লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংস্থার প্রোগ্রাম কোঅর্ডিনেটর জেনিফার জেনি। সীমা রানী বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিলেন ফিল্ড অফিসার ব্রজেন্দ্র নাথ শীল।
অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে এনজিও সমন্বয় কমিটির সমন্বয়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন, ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং এলএফও সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন এবিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে বনায়ন ও পুনঃবনায়নের গুরুত্ব বিশদভাবে বিশ্লেষণ করেন।
মনোজ্ঞ আলোচনা সভা শেষে স্থানীয় ১০টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৩৫০টি মানসম্মত গাছের চারা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে আম, কদবেল, কাঁঠাল, আমলকী ও মেহগনি গাছের চারা প্রদান করা হয়। ছবি সংগৃহীত।
