উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উন্মুক্ত অনিয়ম !

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উন্মুক্ত অনিয়ম !

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস পরীক্ষার হলে ব্যাপক অনিয়ম ও বই দেখে লেখার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পেশাদার সাংবাদিক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামলায় আহত সাংবাদিকরা হলেন—নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহম্মেদ এবং দৈনিক খবরের কাগজের মেহেরপুর জেলা প্রতিনিধি এস এম তারিক। এই ন্যক্কারজনক ঘটনায় শিক্ষক মনিরুজ্জামান বিপ্লব ও বাবর আলীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করে গাংনী থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন সাংবাদিক রাব্বি আহম্মেদ।

আহত সাংবাদিক রাব্বি আহম্মেদ জানান, পরীক্ষার হলে টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের উন্মুক্তভাবে বই দেখে লেখার সুযোগ দেওয়া হচ্ছে—এমন সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে তারা কেন্দ্র পরিদর্শনে যান। সরেজমিনে গিয়ে দেখা যায়, কক্ষে পরীক্ষার্থীরা নির্দ্বিধায় বই খুলে উত্তর লিখছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করতে তারা ভিডিও ধারণ শুরু করতেই শিক্ষক মনিরুজ্জামান বিপ্লব ও বাবর আলীর নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

আহত আরেক সাংবাদিক এস এম তারিক বলেন, “পরীক্ষার্থীরা বই দেখে লিখছিলেন। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে শিক্ষকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাদের মারধর করেন। তারা আমাদের দুটি স্মার্টফোন ও টিভির বুম মাইক্রোফোন কেড়ে নেন এবং একটি কক্ষে আমাদের অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে আমরা কৌশলে সেখান থেকে উদ্ধার পাই।”

তবে অভিযুক্ত শিক্ষক মনিরুজ্জামান বিপ্লব মারধর ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, হলে বই দেখে লেখার কোনো নিয়ম নেই এবং তাদের জ্ঞাতসারে এমন কোনো অনিয়ম হয়নি।

এদিকে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলা, অবরুদ্ধকরণ ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়লে মেহেরপুরের পুরো সাংবাদিক সমাজে চরম ক্ষোভ ও তীব্র অসন্তোষ দেখা দেয়। জেলাজুড়ে কর্মরত সাংবাদিকেরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িত শিক্ষকসহ সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সাংবাদিক রাব্বি আহম্মেদ বাদী হয়ে দুই শিক্ষকের নাম উল্লেখসহ ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *