স্ফুলিঙ্গ ডেক্স :
যশোরের অভয়নগরে সশস্ত্র হামলায় ছিনতাই হওয়া মোটরসাইকেল পুলিশ উদ্ধার করলেও তা প্রকৃত মালিক বা ভুক্তভোগীকে ফিরিয়ে না দিয়ে অভিযুক্তদের সঙ্গে অবৈধ মীমাংসার চাপ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান এবং উপপরিদর্শক (এসআই) বিনয়ের বিরুদ্ধে এই হয়রানির অভিযোগ এনে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. আল মামুন। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় যশোর প্রেসক্লাব মিলনায়তনে। ভুক্তভোগী মামুন যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল মামুন জানান, গত ২৯ জুন রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে অভয়নগর উপজেলার চায়না বাজার এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুষ্কৃতকারী তাদের গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে তারা মামুনের ব্যবহৃত (চাচাতো ভাইয়ের) একটি মোটরসাইকেল এবং নগদ ৪৯ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় তিনি তাৎক্ষণিকভাবে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ পরবর্তীতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে আইনি প্রক্রিয়ায় উদ্ধারকৃত যানটি তার জিম্মায় হস্তান্তর না করে, উল্টো ছিনতাইয়ে জড়িত অভিযুক্ত চক্রটির সাথে বিষয়টি আপস-মীমাংসা করে নেওয়ার জন্য অভয়নগর থানার ওসি নুরুজ্জামান ও এসআই বিনয় তাকে অনৈতিক চাপ দিতে থাকেন।
ভুক্তভোগীর আরও বিস্ফোরক দাবি, অভিযুক্তরা মোটরসাইকেলটি ফেরত দেওয়ার বিনিময়ে তাঁর কাছে ১ লাখ টাকা দাবি করে। তিনি এতে সম্মত না হয়ে মোটরসাইকেলটি জিম্মায় পাওয়ার দাবি জানালে থানার ওসি ও এসআই তাকে বিভিন্ন ভুয়া মামলায় ফাঁসানো এবং গ্রেফতারের হুমকি প্রদান করেন। একপর্যায়ে পুলিশ উদ্ধারকৃত মোটরসাইকেলটি মামলার আলামত হিসেবে না রেখে মূল অভিযুক্তদের হাতেই তুলে দিয়েছে বলে জানতে পেরেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
এই পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতা ও পুলিশি হয়রানির প্রতিকার চেয়ে ভুক্তভোগী আল-মামুন ইতিমধ্যে যশোর জেলা পুলিশ সুপার (এসপি) বরোবরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি অভয়নগর থানার ওসি নুরুজ্জামান ও এসআই বিনয়ের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক তা ফেরত পাওয়ার জন্য ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ছবি সংগৃহীত।

