স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ১৯টি বিভাগের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে কলেজ শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্য চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে ফলদ, বনজ ও ফুলের চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বেশ কয়েকটি স্থানে নিজেরাও বৃক্ষরোপণ করেন।
বিজ্ঞাপন
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসান হাবীব, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মহসিন উদ্দীন এবং ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোসা. শিরিনা খাতুনসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
এ সময় ছাত্রদলের নেতারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্য থেকেই এমন আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। পাশাপাশি বিতরণ করা চারাগুলো যত্ন নিয়ে বড় করে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, জেলা ছাত্রদলের নেতা শিবলি হাসান অমিত, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ জেলা ও কলেজ শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ছবি সংগৃহীত।
