মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ সদর উপজেলার আমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় কমল কুমার সাহা (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অহিদুজ্জামান নামের অপর একজন আহত হয়েছেন, যাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত কমল কুমার সাহা জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার বাসিন্দা ছিলেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, রাতে শৈলকুপা থেকে একটি মাহিন্দ্রায় চড়ে ওই দুই যাত্রী ঝিনাইদহের দিকে আসছিলেন। যাত্রাপথে ঝিনাইদহের আমতলা বাজারসংলগ্ন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মাহিন্দ্রাটির সজোরে ধাক্কা লাগে।
বিজ্ঞাপন
এতে মাহিন্দ্রাটি উল্টে গিয়ে ভেতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন এবং দুর্ঘটনার পরপরই মাহিন্দ্রার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কমল কুমার সাহাকে মৃত ঘোষণা করেন। ছবি সংগৃহীত।

