স্ফুলিঙ্গ ডেক্স :
তারিখ: ২১ নভেম্বর ২০২৬
বগুড়ার শিবগঞ্জ থেকে নিখোঁজ হওয়া ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নশিরপুর গ্রামের ওই ক্ষেত থেকে রাব্বি হাসান নামের কিশোরটির লাশ উদ্ধার করা হয়; এ সময় তার গলা ও শরীরে রশি জড়ানো অবস্থায় ছিল।
নিহত রাব্বি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরবাজার এলাকার বাসিন্দা খলিল প্রামাণিকের ছেলে এবং সে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিবগঞ্জের জামুরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হয় রাব্বি। সম্ভাব্য বিভিন্ন স্থানে ও স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ না পেয়ে শুক্রবার শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই ওই এলাকায় হালকা বৃষ্টিপাত চলছিল, যার কারণে শনিবার সকালে কৃষকেরা মাঠে নামতে পারেননি। পরে দুপুরের দিকে ক্ষেতে গিয়ে স্থানীয় কৃষক মামুনের ধানজমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রয়োজনীয় আইনগত আনুষ্ঠানিকতা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে; পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।
