স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২১ নভেম্বর ২০২৬
যশোরের শার্শা উপজেলায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত মো. জাকির হোসেন (৪২)-কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২০ নভেম্বর) শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয় এবং আজ শনিবার (২১ নভেম্বর) পুলিশ প্রহরায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা জাকির হোসেনকে গ্রেফতার করেন। তিনি রবিউল হোসেন ও আলেয়া বেগমের ছেলে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি শার্শা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত।
বিজ্ঞাপন
জানা গেছে, শার্শা থানার মামলা নম্বর-২৩ (তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬) এবং জিআর নম্বর-৩ ০২-এর তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়। মামলাটিতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারা সংযুক্ত রয়েছে।
আজ শনিবার যথাযথ নিরাপত্তা ও পুলিশি প্রহরায় গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।
