স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১২ নভেম্বর ২০২৬
যশোরে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে এক মাদ্রাসাছাত্রকে অপহরণ, শারীরিক নির্যাতন এবং ১ লাখ টাকা মুক্তিপণ দাবির চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এ সময় অপহরণকারীরা ওই শিক্ষার্থীর কাছে থাকা নগদ ৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হলেও মোবাইল ফোনে বিকাশ নম্বরের মাধ্যমে মুক্তিপণের টাকা চেয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অপহৃত হওয়া মো. ইয়াসিন আরাফাত (২০) যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর শেখপাড়ার বাসিন্দা এবং তিনি রূপদিয়া জিরাট মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞাপন
কোতোয়ালি মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে সাড়ে ৫টার দিকে সীতারামপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়ক দিয়ে খেলা দেখতে যাওয়ার সময় ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তাঁর গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে চোখ কাপড় দিয়ে বেঁধে ঝুমঝুমপুর ময়লাখানার পেছনের একটি নির্জন বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে শারীরিক নির্যাতন করা হয় এবং পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পাশাপাশি তাঁর কাছে থাকা নগদ ৫ হাজার ৭০০ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১১ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ছেড়ে দেওয়ার সময় অপহরণকারীরা পরবর্তীতে বিকাশ নম্বরে টাকা পাঠানোর কড়া নির্দেশ দেয় এবং অন্যথায় প্রাণনাশের হুমকি দেয়। বাড়িতে ফিরে ইয়াসিন আরাফাত পুরো ঘটনাটি তাঁর পরিবারের সদস্যদের জানান।
এরপর আজ ১২ নভেম্বর সকাল থেকে ০১৯০৭-৬৭০১৩৩ নম্বর থেকে তাঁর ব্যবহৃত ০১৯৫০-৯৩৫৬৬০ নম্বরে ক্রমাগত ফোন করে এক লাখ টাকা দাবি করা হচ্ছে এবং নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ভুক্তভোগী ছাত্র ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
এ ঘটনায় হাফিজুর ও ইশাকুলসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থী ইয়াসিন আরাফাত নিজে বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. বদরুজ্জামান মোল্লা জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হাতে পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চানপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ প্রসঙ্গে চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফ উদ্দিন জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ছবি সংগৃহীত।
