মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
নিরাপদ মাতৃত্ব ও সুস্থ নবজাতক নিশ্চিত করার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে গর্ভবতী মা ও নবজাতকের সুরক্ষায় একটি সহায়তামূলক ইন্টারভেনশন ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কোলা চার্চে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের কোলা বিডি-০৩৫৫-এর উদ্যোগে এই ইউনিটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
বিজ্ঞাপন
কোলা বিডির সভাপতি জন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আক্তার। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক টাইটাস বৈরাগী ও আশীর্বাদ প্রজেক্টের কো-অর্ডিনেটর বিপ্লব মালো প্রমুখ।
‘সুস্থ মা, নিরাপদ জন্ম, উজ্জ্বল ভবিষ্যৎ’—এই মূল স্লোগানকে সামনে রেখে প্রকল্পটি সাজানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের আওতায় ১৫ জন গর্ভবতী মাকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচিত এসব মায়েদের নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ, প্রসবপূর্ব নিরাপদ সেবা নিশ্চিতকরণ, প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং সার্বিক চিকিৎসাসেবা প্রদানের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, গর্ভকালীন সময় থেকে শুরু করে সন্তান প্রসব ও পরবর্তী সময়ে মায়েদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং নবজাতকের সুস্বাস্থ্য সুরক্ষায় বহুমুখী কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা, স্থানীয় পর্যায়ে মা ও শিশুর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নিরাপদ মাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগটি এক ইতিবাচক ও দূরদর্শী ভূমিকা পালন করবে। ছবি সংগৃহীত।
