যশোরে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল দুই হাজার : চিকিৎসাধীন ৯০ জন

যশোরে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল দুই হাজার : চিকিৎসাধীন ৯০ জন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সিভিল সার্জন অফিসের সর্বশেষ প্রকাশিত ডেঙ্গু রোগীর দৈনিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে অদ্যাবধি জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত ২২ অক্টোবরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ৩ জন, ঝিকরগাছায় ৩ জন, কেশবপুরে ৩ জন, মনিরামপুরে ৩ জন, শার্শায় ৩ জন এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১২ জন রোগী ভর্তি হয়েছেন। তবে বেসরকারি কোনো হাসপাতালে নতুন ভর্তির তথ্য মেলেনি এবং গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৭ জন। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সর্বমোট ২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৮৮৩ জন রোগী।

বর্তমানে যশোরের বিভিন্ন হাসপাতালে মোট ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ২৩ জন, বাঘারপাড়ায় ৭ জন, ঝিকরগাছায় ২ জন, কেশবপুরে ৯ জন, মনিরামপুরে ৯ জন, শার্শায় ৮ জন এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সর্বোচ্চ ৩২ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। চৌগাছা উপজেলায় বর্তমানে কোনো রোগী ভর্তি নেই। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় এ পর্যন্ত মোট ৪২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যান্য জেলায় রেফার্ড করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে মশার বংশবিস্তার রোধ এবং জেলার প্রতিটি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে। সাধারণ মানুষকেও সচেতন থাকার এবং ঘরবাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *