স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে মাদকের টাকা না পেয়ে জন্মদাতা বাবা-মাকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা ও শ্বাসরোধে হত্যার অপচেষ্টাসহ ঘরবাড়ি ভাঙচুরের অপরাধে রায়হান হোসেন (২০) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (১৮ অক্টোবর ২০২৬) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক সাকিব আহম্মেদ ইমন সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম শেষে এ রায় প্রদান করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত রায়হানকে সাজ পরোয়ানা মূলে যশোর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
দণ্ডপ্রাপ্ত রায়হান হোসেন যশোর সদর উপজেলার ছোট বালিয়াডাঙা গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন
আদালতের নথি ও মামলা সূত্রে জানা যায়, মাদক কেনার টাকার জন্য গত ১২ অক্টোবর দুপুরে বাবা-মায়ের সাথে চরম বাকবিতণ্ডায় জড়ায় রায়হান। বাবা-মা টাকা দিতে অসম্মতি জানালে ক্ষিপ্ত হয়ে সে প্রথমে নিজের গর্ভধারিণী মাকে মারধর করে। একপর্যায়ে ঘর থেকে দা, বঁটি ও চাকু এনে বাবাকে কোপানোর জন্য তাড়া করে এবং মায়ের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
এ সময় বাবা-মায়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে হিংস্র রায়হানকে হাতেনাতে আটক করে বাঁধেন। পরবর্তীতে বাবা আনিছুর রহমান নিজে কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ উপস্থিত হয়ে রায়হানকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাবা আনিছুর রহমান কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে সোপর্দ করে। আজ আদালত উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়হানকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। ফাইল ছবি সংগৃহীত।
