স্ফুলিঙ্গ রিপোর্ট :
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে যশোরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিকেলে শহরের প্রেসক্লাব যশোরের সামনের সড়কে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু এবং দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা চালিয়ে প্রকারান্তরে দেশের গণতন্ত্র ও মুক্তচিন্তার কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা। তাঁরা বলেন, এ জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিরোধী দলকে রাজপথ থেকে সরানো যাবে না। অবিলম্বে ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তাঁরা। অন্যথায় রাজপথে সারা দেশব্যাপী আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।
বিজ্ঞাপন
কর্মসূচিতে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনাকুল আরেফিন, নজরুল ইসলাম, এম এ মান্নান, বাদল চাকলাদার, শফিকুল ইসলাম শফি ও শিকদার আবু সাঈদসহ জেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

