স্ফুলিঙ্গ রিপোর্ট :
নারীর ক্ষমতায়ন, অধিকার, সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুর দুইটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সহকারী সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী এবং জেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুজ্জামান খান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয় যে, আজ ১২ অক্টোবর থেকেই একযোগে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। এ লক্ষ্যে প্রণীত নির্দেশিকা অনুযায়ী প্রস্তুত করা ৬৬ হাজার ৮৯৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার মাঠপর্যায়ে কাজ করবেন। তারা প্রতিটি পরিবার পরিদর্শন করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অনলাইন ডেটাবেইজে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করবেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচির পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেছিলেন, যা সফলভাবে সম্পন্ন হওয়ার পর বর্তমানে সারা দেশে বিস্তৃত করা হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরে জাতীয় বাজেটে এ কর্মসূচির আওতায় ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি সুবিধাভোগীদের ভাতা হিসেবে প্রদান করা হবে। ঝিকরগাছা উপজেলাসহ সমগ্র বাংলাদেশের প্রকৃত হকদার ও দুস্থ পরিবারগুলোকে নিখুঁতভাবে চিহ্নিত করে এই ফ্যামিলি কার্ড ব্যবস্থার আওতায় আনা হবে বলে আশ্বস্ত করা হয়। ছবি সংগৃহীত।
