স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের সাংবাদিকতা ও আইনি অঙ্গনের অভিভাবক, প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট আইনজীবী, প্রবীণ সাংবাদিক ও খ্যাতিমান সমাজসেবক অ্যাডভোকেট তৌহিদুর রহমান জীবনের পরপারে পাড়ি জমিয়েছেন।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) ভোর ৬টার দিকে রাজধানী ঢাকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
অ্যাডভোকেট তৌহিদুর রহমান ১৯৩৬ সালের ২২ জুন নড়াইল জেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে যশোরে আয়কর আইনজীবী হিসেবে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের সূচনা ঘটে। আইনি পেশার পাশাপাশি ১৯৬০ সালে তিনি সাংবাদিকতায় পদার্পণ করেন। সাংবাদিকতা জীবনের শুরুতে তিনি অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে বাসস-এর (বাংলাদেশ সংবাদ সংস্থা) সাংবাদিক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে যশোর অঞ্চলের মুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদ চর্চায় তিনি অবিস্মরণীয় অবদান রেখে গেছেন।
বিজ্ঞাপন
আইন পেশা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গণ্ডি পেরিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক প্রতিষ্ঠানেও নেতৃত্ব দিয়েছেন এই গুণী ব্যক্তিত্ব। তিনি প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও পিকেএসের সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্টের সাবেক ভাইস চেয়ারম্যান, লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর, আহাদ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক এবং যশোর ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকসহ অসংখ্য সামাজিক ও মানবাধিকার সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
প্রেসক্লাব যশোরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তাঁর ঐতিহাসিক ভূমিকা স্মারক হয়ে থাকবে। সমাজ ও মানুষের কল্যাণে তাঁর দীর্ঘদিনের নিঃস্বার্থ ভূমিকা যশোরবাসীর হৃদয়ে চিরকাল শ্রদ্ধার সাথে অম্লান থাকবে।
যশোর সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ:
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আইনি ব্যক্তিত্ব অ্যাডভোকেট তৌহিদুর রহমানের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
এক যৌথ শোক বার্তায় জেইউজে সভাপতি সাজেদ রহমান এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া জেলার আইনজীবী, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ছবি সংগৃহীত।
