স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের কেশবপুরে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা, ঝটিকা মিছিলে নেতৃত্ব প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগে পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. ইকবাল হোসেন মোড়লকে (৪৫) আটক করেছে পুলিশ।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে কেশবপুর শহরের ধানহাটা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক ইকবাল হোসেন মোড়ল কেশবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গা এলাকার মাস্টার লুৎফর রহমানের ছেলে।
কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল হোসেনের বিরুদ্ধে এলাকায় রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টিসহ একাধিক সুনির্দিষ্ট মামলা ও পরোয়ানা রয়েছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বর্তমান সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও বিতর্কিত বক্তব্য প্রচার করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ঝটিকা মিছিল আয়োজন এবং নেতাকর্মীদের সংগঠিত করে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলেও পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল।
বিজ্ঞাপন
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁকে শহরের ধানহাটা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, আটকের পর ইকবাল হোসেনকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।
