স্ফুলিঙ্গ রিপোর্ট :
বেনাপোল স্থলবন্দরের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, ইমিগ্রেশন ও যাত্রীসেবার মান সরজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে তিনি এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মানজারুল মান্নান যৌথভাবে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে উপস্থিত হন।
পরবর্তীতে প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মানজারুল মান্নানের সভাপতিত্বে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি অংশীজনদের (স্টেকহোল্ডার) সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উক্ত সভায় বেনাপোল স্থলবন্দরের সার্বিক বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা, যাত্রীসেবার মানোন্নয়ন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, অভিগমন (ইমিগ্রেশন) প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সীমান্ত বাণিজ্যের নানা অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় নৌ প্রতিমন্ত্রী বন্দরের গতিশীলতা বৃদ্ধি ও আন্তঃসংস্থা জটিলতা নিরসনে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে সুসমন্বিতভাবে কাজ করার এবং ভারতগামী ও ফেরত আসা পাসপোর্টযাত্রীদের সেবা আরও স্বাচ্ছন্দ্যময় ও উন্নত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ রুহুল আমিনসহ কাস্টমস, ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান এবং স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান যৌথভাবে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট ও নো-ম্যান্স ল্যান্ড এলাকা এবং ইমিগ্রেশন ডেক্স পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অপরাহ্নে প্রতিনিধি দলটি বেনাপোল স্থলবন্দর এলাকা ত্যাগ করে। ছবি সংগৃহীত।

