স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৮ জনে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু সংক্রান্ত পরিসংখ্যান থেকে দেখা যায়, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৬ জনের মধ্যে সর্বোচ্চ ১২ জন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, বাঘারপাড়ায় ৫ জন, অভয়নগর ও শার্শায় ৪ জন করে, কেশবপুরে ৩ জন এবং ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ১২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে কেবল যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেই ৪০ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে অভয়নগরে ২৩ জন, শার্শায় ২১ জন, বাঘারপাড়ায় ১২ জন, মনিরামপুরে ১০ জন, ঝিকরগাছা ও কেশবপুরে ৮ জন করে এবং চৌগাছায় ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১ হাজার ৩০২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং আক্রান্তদের মধ্যে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জটিল পরিস্থিতিতে ২১ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রিফার্ড করা হয়েছে।
রিপোর্টটি প্রস্তুত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো: শামসুল ফলাক এবং এতে স্বাক্ষর করেছেন সিভিল সার্জন ডা: মো: মাসুদ রানা। ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলাবাসীকে বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং মশারি ব্যবহারের তাগিদ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ফাইল ছবি সংগৃহীত।
