মানবপাচার ও অভিবাসন বিষয়ক সংবেদনশীল রিপোর্টিংয়ে যশোরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

মানবপাচার ও অভিবাসন বিষয়ক সংবেদনশীল রিপোর্টিংয়ে যশোরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মানবপাচার ও অনিরাপদ অভিবাসনের মতো স্পর্শকাতর বিষয়ে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ, নৈতিক ও সারভাইভারবান্ধব (ভুক্তভোগী সংবেদনশীল) প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে উইনরক ইন্টারন্যাশনালের আয়োজনে এবং আশ্বাস প্রকল্প, রূপান্তর ও উইনরক ইন্টারন্যাশনালের যৌথ সহযোগিতায় ‘মানবপাচার ও অভিবাসনসংক্রান্ত প্রতিবেদন তৈরি ও সারভাইভার-সংবেদনশীল রিপোর্টিং’ শীর্ষক এ দক্ষতা উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করা হয়। এতে যশোরের জেলা ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশ নেন।

কর্মশালার প্রথম অধিবেশনে বাংলাদেশে মানবপাচার ও অনিরাপদ অভিবাসনের সমসাময়িক নানা প্রবণতা, পুল ও পুশ ফ্যাক্টর, নতুন ও উদীয়মান গন্তব্য, পরিবর্তিত যাত্রাপথ, সাম্প্রতিক ঝোঁক এবং আন্তদেশীয় পাচারের বিভিন্ন দিক সবিস্তারে তুলে ধরা হয়। একই সাথে পাচারের শিকার ব্যক্তি, প্রত্যাগত অভিবাসী ও মানব চোরাচালানের শিকার হওয়া ব্যক্তিদের আইনি পার্থক্য বিশ্লেষণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দ্বিতীয় অধিবেশনে মানবপাচার বিষয়ক সংবাদ প্রতিবেদনের বিন্যাস, ভাষা প্রয়োগ এবং তথ্য অগ্রাধিকারের বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। মানবপাচারের মতো জটিল বিষয়কে সাধারণ পাঠকের কাছে সহজ ও বোধগম্য ভাষায় তুলে ধরা এবং প্রতিরোধমূলক গণমাধ্যম চর্চার নির্দেশিকা দেওয়া হয়।

তৃতীয় অধিবেশনে ‘নৈতিক ও সারভাইভারবান্ধব প্রতিবেদন প্রস্তুতকরণ’ বিষয়ে আলোচনা করতে গিয়ে সাংবাদিক শহিদ জয় বলেন, সংবাদে ভুক্তভোগীর পরিচয়, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা অক্ষুণ্ণ রাখা সবচেয়ে জরুরি। এমন কোনো ভাষা বা বিবরণ উপস্থাপন করা যাবে না যা একজন সারভাইভারকে পুনরায় সামাজিকভাবে হেয় বা মানসিকভাবে বিপর্যস্ত করে। তিনি আরও উল্লেখ করেন, কেবল ভুক্তভোগী হওয়ার গল্প না লিখে তাঁদের পুনর্বাসন, ঘুরে দাঁড়ানো এবং সমাজে পুনঃএকত্রীকরণের ইতিবাচক গল্পগুলো সংবাদে প্রাধান্য দেওয়া উচিত।

পরবর্তী সেশনে মানবপাচারের শিকার হয়েও সফলভাবে ঘুরে দাঁড়ানো সারভাইভারদের সাথে সরাসরি কথোপকথন ও মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে তারা কীভাবে সমাজের নানা প্রতিকূলতা কাটিয়ে উঠে নতুন করে জীবন শুরু করেছেন এবং কমিউনিটিতে নেতৃত্ব দিচ্ছেন, সেই অভিজ্ঞতা সাংবাদিকদের কাছে ব্যক্ত করেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান ও প্যানেল আলোচনায় অংশ নেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসনুন মো. ফাইরুজ হক, সিনিয়র ম্যানেজার নাজমুল ইসলাম, প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম এবং বাংলানিউজের জেলা প্রতিনিধি সারোয়ার হোসেন।

দিনব্যাপী এই কর্মশালায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও মানবপাচার নিরসনে গণমাধ্যমের ইতিবাচক ও মানবিক ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অংশ নেওয়া সাংবাদিকরা ভবিষ্যতে এই সংক্রান্ত সংবাদ পরিবেশনে আরও বেশি তথ্যভিত্তিক, নীতিবান ও সারভাইভার সংবেদনশীল দৃষ্টিভঙ্গি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ সূচনা : বাড়ি বাড়ি গিয়ে চলছে তথ্য সংগ্রহ

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *