স্ফুলিঙ্গ রিপোর্ট :
ভারতের বিভিন্ন সেফ হোমে দীর্ঘ দিন আটকে থাকার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে অবশেষে নিজ দেশে ফিরেছেন ১৮ জন বাংলাদেশি নাগরিক। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা ৫০ মিনিটে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
স্বদেশে ফেরত আসা ১৮ জনের মধ্যে ৪ জন নারী এবং ১৪ জন পুরুষ রয়েছেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতের ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল সীমান্ত দিয়ে ট্রাভেল পারমিটের অধীনে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে। পরবর্তীতে প্রাথমিক প্রশাসনিক কাজ শেষে ফেরত আসাদের আইনি সহায়তার জন্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
বিজ্ঞাপন
বেনাপোল পোর্ট থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত আনুষ্ঠানিকতা ও কাগজপত্রের কাজ সম্পন্ন হওয়ার পর এসব নাগরিকদের পুনর্বাসন ও সার্বিক সহায়তার লক্ষ্যে বেসরকারি মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ যশোর শাখার প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দালালের খপ্পরে পড়ে বা অবৈধ উপায়ে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে সেফ হোমে থাকা এই নাগরিকদের ট্রাভেল পারমিটের প্রক্রিয়ায় সরকারিভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ছবি সংগৃহীত।
