স্ফুলিঙ্গ রিপোর্ট :
ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির বর্ণাঢ্য শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সংগঠনের সদর উপজেলা কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি আহমদ আব্দুল জলিল।
আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দলীয় নেতা আলহাজ্ব মিয়া মুহাম্মদ আব্দুল হালিম, অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, এইচ এম মহসিন শেখ এবং মাওলানা আশিক বিল্লাহসহ জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ‘শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই’—এই মূল স্লোগানকে সামনে রেখে বক্তারা সংগঠনের আদর্শিক লক্ষ্য ও নীতিগত অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরেন। একই সাথে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত মজবুত করা এবং সমন্বিত নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
শপথ গ্রহণ পর্ব শেষে পারস্পরিক কুশল ও পরিচিতি বিনিময়ের মাধ্যমে সভাটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।ছবি সংগৃহীত।
