স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তৃণমূল পর্যায়ে মানব পাচার প্রতিরোধে জোরদার অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা বিষয়ক এক গুরুত্বপূর্ণ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
চৌগাছা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের অর্পিত দায়িত্ব ও কর্তব্য, পাচার রোধে তাঁদের কার্যকর ভূমিকা এবং মাঠপর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বিশদ আলোচনা উপস্থাপন করেন রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের কেস ম্যানেজার-সোশ্যাল সার্ভিস কৃষ্ণা সাহা, সাইকো-সোশ্যাল কাউন্সেলর তন্দ্রা দাস এবং প্রকল্প কর্মী বজলুর রহমান। এ ছাড়া বক্তব্য প্রদান করেন চৌগাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম। মুক্ত আলোচনায় আরও অংশ নেন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য ও ইউপি সদস্য শান্ত ইসলাম, ইউনিয়ন কাজী ও ম্যারেজ রেজিস্ট্রার রুহুল কুদ্দুস এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তারা গুরুত্বারোপ করে বলেন, মানব পাচার একটি জঘন্য ও চরম সামাজিক অপরাধ। প্রথাগত আইনি পদক্ষেপের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সমন্বিত সামাজিক উদ্যোগ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কেবল এ অপরাধ নির্মূল করা সম্ভব। বিশেষ করে কাজের প্রয়োজনে যারা বিদেশে যেতে ইচ্ছুক, তাঁদের সঠিক, বৈধ ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সুসংগঠিত ধারণ দেওয়া এবং প্রতারক চক্রের পাচার ঝুঁকির বিষয়ে সতর্ক রাখা অত্যন্ত জরুরি।
কর্মসূচিতে উপস্থিত অংশগ্রহণকারীরা বিদেশগামী ব্যক্তিদের প্রাথমিক ও সঠিক তথ্য সংরক্ষণের সুবিধার্থে ইউনিয়ন পরিষদ পর্যায়ে একটি ডেডিকেটেড ‘রেজিস্টার খাতা’ চালুর বিষয়ে জোরালো মতামত ব্যক্ত করেন। একই সাথে ইউনিয়ন পরিষদ, স্থানীয় পাচার প্রতিরোধ কমিটি, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতা এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় পরিচালিত রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনিয়ন পাচার প্রতিরোধ কমিটির বিভিন্ন স্তরের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো আয়োজনটি দক্ষতার সাথে পরিচালনা করেন কৃষ্ণা সাহা। ছবি সংগৃহীত।

