স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক আলমসাধু চালক নিহত হয়েছেন এবং এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) যশোর জেলার মণিরামপুর ও ঝিকরগাছা উপজেলায় পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
প্রথম দুর্ঘটনায় নিহত ইকবাল হোসেন (৪০) মণিরামপুর উপজেলার ডুমুরতলা গ্রামের বাসিন্দা মোসলেম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ইকবাল হোসেন নিজের আলমসাধু গাড়ি চালিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-পুলেরহাট-রাজগঞ্জ সড়কের মণিরামপুর উপজেলার মায়দা কেন্দ্রীয় ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অপরদিকে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার লাউজানী এলাকায় অপর সড়ক দুর্ঘটনাটি ঘটে। সেখানে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেল মল্লিকপুর গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে জামাল মিয়াকে (৭০) সজোরে ধাক্কা দেয়।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত জামাল মিয়াকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে চিকিৎসকেরা নিবিড় ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার হাসপাতালে প্রেরণের (রেফার) পরামর্শ দেন। ফাইল ছবি সংগৃহীত।

