বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় বাকপ্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দুই দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে আজ শুক্রবার সকাল থেকে উপজেলার বানাতী বাজারের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে দুই দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে বানাতী বাজারের রমণী (৪০) নামের এক ব্যক্তির সেলুনের সামনে দিয়ে বাকপ্রতিবন্ধী ওই নারী যাচ্ছিলেন। এ সময় রমণী তাঁর হাত টেনে সেলুনের ভেতর নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি অন্য ব্যবসায়ীরা দেখে ফেলে প্রতিবাদ জানান। পরবর্তীতে রাত ১০টার দিকে বিষয়টি সমাধানের জন্য সালিশ বৈঠকে বসা হয়। সেখানে অভিযুক্ত রমণীকে ৬ হাজার টাকা জরিমানা করে গ্রাম পুলিশের জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত হলে তাতে দ্বিমত পোষণ করেন জুয়েল নামের এক ব্যবসায়ী। তিনি নিজেই অভিযুক্তকে জিম্মায় নেওয়ার আগ্রহ দেখালে বানাতী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল হাওলাদারের সঙ্গে তাঁর তর্কবিতর্ক ও একপর্যায়ে মারামারি বেঁধে যায়। এতে সভাপতি রুবেলসহ ৩ জন আহত হন।
এই ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শুক্রবার সকালে বাজারের প্রায় ৩৫০টি দোকান বন্ধ রেখে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। দ্বিতীয় দফার এ সংঘর্ষে জুয়েল, জুবায়ের, ইমরান, মনির ও কামালসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে ৭ জন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ব্যবসায়ী মোঃ ইমরান অভিযোগ করে বলেন, “রমনীর অপকর্মের বিষয়ে সভাপতি রুবেল ভাই বিচার করতে গেলে রাতে জুয়েল তাঁর ওপর হামলা চালায়। আজ সকালে সকল দোকানপাট বন্ধের সিদ্ধান্তের সময় জুবায়ের ও জুয়েল সভাপতির ওপর চড়াও হয়। আমি ফেরাতে গেলে আমাকেও মারধর করে। এমনকি কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও তারা সেখানে হামলা চালায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করে জুবায়ের বলেন, “গতকাল রাতে আমার ভাইয়ের সাথে সভাপতির সামান্য ঝামেলা হয়েছিল, যা কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মিটে যায়। আজ সকালে পারিবারিক কাজে গ্রামের বাড়ি যাওয়ার পথে দেখি দোকানপাট বন্ধ নিয়ে হট্টগোল চলছে। আমি বিষয়টি জানার জন্য ফোনে কথা বলার সময়ই সভাপতির পক্ষের লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালায়।”
বানাতী বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হেমায়েদ উদ্দিন হিরন জানান, পুরো ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত বাজারের সকল দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বানাতী বাজারের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।


