স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে দুটি পৃথক সহিংসতার ঘটনায় এক যুবক ও দুই নারী গুরুতর আহত হয়েছেন। শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকা থেকে এক যুবককে নিজ ভাড়া বাসা থেকে সংজ্ঞাহীন ও রক্তে ভেসে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যদিকে চৌগাছায় পূর্বশত্রুতার জেরে দুই নারীর ওপর কোদালের হাতল দিয়ে হামলার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মুমিনের বাড়ি থেকে আকাশ (২৬) নামে এক যুবককে উদ্ধার করা হয়। তিনি মাগুরা সদর উপজেলার আরিফের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ পেয়ে প্রতিবেশীরা বাইরে থেকে লাগানো তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। জ্ঞান না ফেরায় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হামলার মূল কারণ বা জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
অপরদিকে, গত ২৪ আগস্ট ২০২৬ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বানরহুদা গ্রামে পূর্বশত্রুতার জেরে কহিনুর বেগম (৩২) ও তাজরীন (২২) নামে দুই নারী শারীরিক নিগ্রহের শিকার হন। স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের সূত্র ধরে স্থানীয় বোটু (৬০), গোলাম (৪০) ও আবু তালেব (৩০) তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে কোদালের হাতল দিয়ে বেধড়ক পেটায়।
প্রাথমিক চিকিৎসার পর আঘাতপ্রাপ্ত দুই নারীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাদের অবস্থা শঙ্কামুক্ত। ছবি সংগৃহীত।


