বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে একটি সম্পূর্ণ পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সংবাদকর্মী ও বিভিন্ন সামাজিক অংশীজনদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট সোমবার দুপুর সাড় ১২টায় কলাপাড়া পৌরসভা ও আলভিনা কর্পোরেশনের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করে “ক্লিন কলাপাড়া, গ্রীন কলাপাড়া” নামের একটি পরিবেশবাদী সংগঠন।
বিজ্ঞাপন
গ্রীন কলাপাড়া, ক্লিন কলাপাড়ার সমন্বয়ক মুশফিকুর রহমান লিটু বিশ্বাসের দক্ষ সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলাপাড়া পৌর প্রশাসক মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম ও মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাংবাদিক মিলন কর্মকার রাজু, স্থপতি মো. ইয়াকুব, বিআরডিবির চেয়ারম্যান মো. ফোরকান তালুকদার, স্বেচ্ছাসেবী সংগঠন “রংধনু”র সাধারণ সম্পাদক বিশ্বাস রাশেদ মোশারফ কল্লোল এবং “আমরা কলাপাড়াবাসী” সংগঠনের সাবেক সভাপতি নাজমুস সাকিব।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, পরিবেশকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা কলাপাড়া শহরের বর্তমান বর্জ্য ব্যবস্থাপনা ও অপসারণের বিভিন্ন নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন। এ সময় সংগঠনের দায়িত্বশীলরা জানান, আগামী ৬ মাসের মধ্যে পৌরসভার সংগৃহীত বর্জ্য বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াজাতকরণের একটি কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, একটি পরিচ্ছন্ন ও সবুজ কলাপাড়া গড়ে তোলার অঙ্গীকার নিয়ে “ক্লিন কলাপাড়া, গ্রীন কলাপাড়া” নামের এই সংগঠনটি বিগত ৪ মাস ধরে কলাপাড়া পৌরসভার বিভিন্ন এলাকা থেকে নিরবচ্ছিন্নভাবে বর্জ্য সংগ্রহ করে আসছে। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

