স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছায় বর্ণিল ও জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের (কোয়ার্টার ফাইনাল) প্রথম ম্যাচ। অত্যন্ত আকর্ষণীয় ও টানটান উত্তেজনার এ খেলায় নাভারন ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে দারুণ জয় ছিনিয়ে নিয়েছে বাঁকড়া ইউনিয়ন একাদশ।
গতকাল ১৪ আগস্ট (শুক্রবার) পড়ন্ত বিকেলে ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিএম হাই স্কুল মাঠে ক্রীড়া সংগঠন ‘ঝিকরগাছা স্পোর্টস ক্লাব’-এর আয়োজনে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে স্বাগতিক বক্তব্য রাখেন স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল। উল্লেখ্য, এই টুর্নামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল অংশ নিচ্ছে।
বিকেলের খেলায় গ্যালারিতে হাজারো উদগ্রীব ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি পুরো মাঠকে প্রাণবন্ত করে তোলে। খেলার প্রথমার্ধ থেকেই উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ ও পাল্টা-আক্রমণে প্রতিপক্ষকে কুপোকাত করার প্রাণপণ চেষ্টা চালান। বিরতির পরও সমতা ফেরাতে মরিয়া ছিল নাভারন ইউনিয়ন একাদশ, কিন্তু বাঁকড়ার মজবুত রক্ষণভাগ ভেদ করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
অবশেষে খেলার নির্ধারিত সময়ের শেষ মাত্র ১০ মিনিটের মাথায় ম্যাচের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে। বাঁকড়া ইউনিয়ন একাদশের দুর্ধর্ষ ডিফেন্ডার ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় সোহাগ হাসান চমৎকার এক নিখুঁত শটে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দলকে ১-০ গোলের লিড এনে দেন। ম্যাচজয়ী এই পারফরম্যান্সের কারণে তিনি বিচারকদের বিচারে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। পরবর্তীতে রেফারি ইকরামুল্লাহ ইকুর শেষ বাঁশিতে বিজয়ের আনন্দে মেতে ওঠেন বাঁকড়া দলের সমর্থকেরা।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ইকরামুল হক ইকু এবং তাঁকে সহযোগিতা করেন হাবিবুর রহমান, মিজানুর রহমান ও বশির আহমেদ। ধারাভাষ্যে দর্শকদের আনন্দ যোগান সিরাজুল ইসলাম বাঙালি, ব্রাজিল ইসলাম বাঙালি ও নাজমুল ইসলাম।
উত্তেজনাকর এই ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস. এম. আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উর রহমান, নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম লিন্টু, স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাহান আলীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছবি সংগৃহীত।

